আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার তীব্র নিন্দা ছাত্র মজলিসের

১৫ জুলাই ২০২৪
বিজয়নগর, ঢাকা
ঢাবি ও চবি-সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের সন্ত্রাসী হামলা তাদেরই ছাত্র-রাজনৈতিক দেউলিয়াত্বের নির্লজ্জ বহিঃপ্রকাশ — ইসলামী ছাত্র মজলিস
বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি বিলাল আহমদ চৌধুরী ও সেক্রেটারি জেনারেল মুহাম্মদ রায়হান আলী এক যৌথ বিবৃতিতে বলেন, গতকাল মধ্য রাত থেকে আজ বিকেল পর্যন্ত কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীদের উপর সন্ত্রাসী বাহিনী ছাত্রলীগ দফায় দফায় হামলা চালানোর মাধ্যমে স্পষ্টত প্রমাণ করেছে, তারা এদেশের ছাত্র সমাজ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন একটি সন্ত্রাসী সংগঠন।
তারা দেশের প্রায় প্রত্যেকটা ক্যাম্পাসের সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা চালিয়েছে। বিশেষত ঢাবি ও চবি ক্যাম্পাসে তাদের হামলার নৃশংসতা হার মানিয়েছে তাদের নূন্যতম মানবিক পরিচয়কে-ও।
নেতৃবৃন্দ বলেন, অথচ একটি যৌক্তিক আন্দোলনে ছাত্র সংগঠন হিসেবে সাধারণ ছাত্রদের পাশে থাকা-ই ছিল তাদের নৈতিক দায়িত্ব। কিন্তু তারা মত্ত রয়েছে ক্ষমতা ও লেজুড়বৃত্তিক ছাত্র রাজনীতির দুষ্টচক্রে।
নেতৃদ্বয় হুশিয়ারি করে বলেন, বাংলাদেশের ইতিহাস হচ্ছে সাধারণ শিক্ষার্থীদের আন্দোলন সংগ্রামে বিজয়ের ইতিহাস। সুতরাং সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা চালিয়ে ছাত্রলীগ নিশ্চিন্তে তাদের কার্যক্রম চালিয়ে যাবে, সাধারণ শিক্ষার্থীরা এমনটা কখনো হতে দিবে না।
নেতৃদ্বয়, তাদের এমন নির্লজ্জ কার্যকলাপের তীব্র নিন্দা জানান এবং হামলাকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার আহ্বান জানান প্রশাসনের কাছে।
বার্তা প্রেরক
জাকারিয়া হোসাইন জাকির
কেন্দ্রীয় প্রচার সম্পাদক