ছাত্রজনতার অভূতপূর্ব বিপ্লব যাতে ম্লান না-হয় সেদিকে অন্তবর্তীকালীন সরকারকে বিশেষ নজর রাখতে হবে
-সর্বদলীয় ছাত্র ঐক্য
দেশের ২২টি ছাত্র সংগঠনের সমন্বয়ে গঠিত সর্বদলীয় ছাত্র ঐক্য’র উদ্যোগে গত ০৯ জুলাই ২০২৪ তারিখ পুরান পল্টনস্থ ফাইনায়েজ টাওয়ারে ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতদের দ্রুত সুস্থতা এবং শাহাদাত বরণকারীদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সর্বদলীয় ছাত্র ঐক্যর মুখপাত্র নিজাম উদ্দিন আদনান এর সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বিভিন্ন ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ। এসময় দোয়া পূর্ববর্তী আলোচনায় নেতৃবৃন্দ বলেন, এদেশের ছাত্রজনতা ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতন নিশ্চিত করার মধ্যে দিয়ে নতুন ইতিহাস সৃষ্টি করেছে। তাঁরা বলেন, এ বিজয় পুরো আপামর বাঙালির। বিজয় পূর্ববর্তী মাসব্যাপী চলমান আন্দোলন সংগ্রামে অংশগ্রহণকারী সবাইকে শুভেচ্ছা জানান নেতৃবৃন্দ। এবং আন্দোলনে আহত হওয়া ছাত্রজনতার দ্রুত সুস্থতা ও শহীদদের জন্য জান্নাতুল ফেরদৌসের কামনা করেন নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দ আরও বলেন, ছাত্র সমাজ এবং এদেশের ইতিহাস হচ্ছে পরিপূরক। দেশের প্রত্যেকটা আন্দোলন সংগ্রামে এবং দেশ বিনির্মাণে ঐতিহাসিকভাবে প্রণিধানযোগ্য ভূমিকা পালন করে আসছে এদেশের ছাত্রসমাজ। আর ছাত্রসমাজের আন্দোলন সংগ্রামে-কে ত্বরাণ্বিত করতে মুখ্য ভূমিকা রাখে এদেশের বিভিন্ন ছাত্রসংগঠনের নেতাকর্মীরা। বিগত ১৫ বছর যাবত স্বৈরাচার সরকার হাসিনার বিরুদ্ধে হত্যা, গুম-খুন, জেল-জুলুমসহ বিভিন্ন নির্যাতন সহ্য করে আন্দোলন করে আসছে ছাত্র সংগঠনগুলো এবং বিজয় সুনিশ্চিত হয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে। উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সফল করতে মাঠে থেকে সক্রিয় ভূমিকা রেখেছে ছাত্রসংগঠনগুলোর নেতাকর্মীরা এবং তাঁদের মধ্যে আহত-নিহত হয়েছেন অনেকেই। তাই আগামীর সুন্দর বাংলাদেশ নির্মাণে অন্তবর্তীকালীন সরকারকে, ছাত্রসংগঠনগুলোকে বিশেষ মূল্যায়নের জোর দাবি জানান ছাত্র নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দ নবগঠিত অন্তবর্তীকালীন সরকারকে স্বাগত জানিয়ে বলেন, আমরা আশাবাদী আপনারা এদেশের ছাত্রজনতার আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে সক্ষম হবেন। পাশাপাশি অন্তবর্তীকালীন সরকারকে দ্রুত ক্যাম্পাসে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনার বিশেষ ব্যবস্থা গ্রহণ এবং শতভাগ মেধার ভিত্তিতে হলে সিট বরাদ্দ নিশ্চিত করার আহ্বান জানান। এছাড়া অভূতপূর্ব এই বিপ্লব যাতে কোন কুচক্রী মহল বেহাত করতে না-পারে সেদিকে বিশেষ নজর দেওয়ার আহ্বান জানান ছাত্রনেতারা।
সর্বদলীয় ছাত্র ঐক্যে’র মুখপাত্র নিজাম উদ্দিন আল আদনান -এর সভাপতিত্বে ও জাগপা ছাত্রলীগ -এর কেন্দ্রীয় সভাপতি আব্দুর রহমান ফারুকী’র সঞ্চালনায় দোয়া অনুষ্ঠানে বক্তব্য রাখেনবাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি বিলাল আহমদ চৌধুরী, ইসলামি ছাত্র সমাজের কেন্দ্রীয় সভাপতি ইহতেশামুল হক সাখি, ছাত্র আন্দোলন (এনডিএম) -এর সভাপতি (সদ্য কারামুক্ত) মাসুদ রানা জুয়েল, জাতীয় ছাত্র সমাজের সভাপতি কাজী ফয়েজ আহমেদ, ছাত্র জমিয়ত বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি খালেদ মাহমুদ, ছাত্র মিশনের কেন্দ্রীয় সভাপতি সৈয়দ মো: মিলন, খেলাফত ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি পরিষদ সদস্য আব্দুল আজিজ, ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় আহ্বায়ক মোল্লা রহমত উল্লাহ, বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের সেক্রেটারি জেনারেল মুহাম্মদ রায়হান আলী, জাগপা ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শ্রী শ্যামল চন্দ্র সরকার, ইসলামী ছাত্র সমাজের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আমীর জিহাদী, ছাত্র আন্দোলনের সাধারণ সম্পাদক শেখ ফরিদ, বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাহদি হাসান, ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সদস্য সচিব মুনতাসির মাহমুদ প্রমূখ।
অতিথি নেতৃবৃন্দ হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের দপ্তর সম্পাদক নুরুল ইসলাম ও কেন্দ্রীয় ছাত্র আন্দোলন সম্পাদক আমিরুল ইসলাম, রাষ্ট্র সংস্কার ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক কবি আহমেদ ইসহাক, গণতান্ত্রিক ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কাজী কামরুল হাসান, ছাত্র মিশন (লায়ন ফারুক) -এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নিয়ামুল ইসলাম সিয়ামসহ বিভিন্ন ছাত্র সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
বার্তা প্রেরক
জাকারিয়া হোসাইন জাকির
কেন্দ্রীয় প্রচার সম্পাদক
বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস