অবিলম্বে খুনি শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে :
১২ অক্টোবর ২০২৪: বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মাদ রায়হান আলী বলেছেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা দেশের সামগ্রীক কাঠামোকে ক্ষতিগ্রস্থ করে ফেলেছে। জনগণের অধিকার হরণ করেছে। শিক্ষাঙ্গনগুলোতে দলীয় ছাত্র সংগঠনের সন্ত্রাসীদের অভয়ারণ্যে পরিণত করেছে। ছাত্র-জনতার ঐক্যবদ্ধ অভ্যুত্থানের মধ্য দিয়ে স্বৈরাচারি-ফ্যাসিস্ট হাসিনা পালিয়ে গেলেও পরাজিত শক্তির ষড়যন্ত্র থেমে নেই। হাজার হাজার নিরপরাধ মানুষকে হত্যাকারী খুনি হাসিনাকে অবিলম্বে দেশে এনে দৃষ্টান্তমূলক বিচারের মুখোমুখি করতে হবে। সম্প্রতি জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবার ও আহতদের দায়িত্ব গ্রহণ করতে হবে এবং তাদের জন্য মাসিক ভাতা চালু করতে হবে।
তিনি বলেন- দেশের সকল সেক্টরে স্থিতিশীলতার পরিবেশ রক্ষায় দেশপ্রেমিক ছাত্র-জনতাকে ঐক্যবদ্ধ থাকতে হবে। কোনোভাবেই আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না। স্বৈরাচার সরকারের আমলে সকল হত্যা-খুনের বিচার কার্যক্রম দ্রুত শুরু করতে হবে। দেশের বাহিরে বসে খুনী হাসিনা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করে যাচ্ছে। পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনীকে সক্রিয় করতে হবে। শিক্ষা কারিকুলাম সংস্কারের জন্য যে কমিটি করা হয়েছে সেখানে গ্রহণযোগ্য ব্যক্তিত্ব ও ইসলামী বিশেষজ্ঞ অন্তুর্ভুক্ত করতে হবে। রাষ্ট্রীয় সংস্কারের জন্য অন্য যে কমিশনগুলো গঠিত হয়েছে সেগুলো দ্রুততম সময়ের মধ্যে কাজ সম্পাদন করবে বলে আমাদের বিশ্বাস। দেশরক্ষায় বিগত দিনের মতো ছাত্র-জনতার সুদৃঢ় ঐক্য গড়ে তুলতে হবে।
১২ অক্টোবর ২০২৪ইং, শনিবার বিকালে নারায়ণগঞ্জের চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে খুনি দ্রুত বিচার এবং আন্দোলনে আহত ও শহীদ পরিবারের দায়িত্ব গ্রহণের দাবিতে ইসলামী ছাত্র মজলিস নারায়ণগঞ্জ মহানগর ও জেলা শাখার ছাত্র সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ইসলামী ছাত্র মজলিসের মহানগর সভাপতি শরীফ মাহমুদের সভাপতিত্বে ও জেলা সভাপতি তৌফিক বিন হারিছের পরিচালনায় এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন- খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব এবিএম সিরাজুল মামুন, ইসলামী ছাত্র মজলিসের সাবেক কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য ও সাবেক মহানগর সভাপতি মুফতী শেখ শাব্বীর আহমাদ, খেলাফত মজলিসের মহানগর সহ-সভাপতি মাওলানা আব্দুল ওয়াদুদ, ইসলামী ছাত্র মজলিসের সাবেক শহর শাখা সভাপতি কামরুল হাসান পায়েল, সাবেক চট্টগ্রাম মহানগর সভাপতি ডাঃ শামীম ভূঁইয়া, ইসলামী যুব মজলিসের মহানগর সভাপতি প্রভাষক মাইদুল ইসলাম, ইসলামী ছাত্র মজলিসের মহানগর সেক্রেটারি নাঈম ইসলাম, জেলা সেক্রেটারি মুহাম্মাদ শাহ নেওয়াজ, প্রমুখ।