ছাত্র মজলিসের ঢাকা জেলা শাখার তিন নেতাকর্মী গ্রেফতার: তীব্র প্রতিবাদ ও অবিলম্বে মুক্তির দাবি
ঢাকা, ১০ জানুয়ারি ২০১৩: বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের ঢাকা জেলা শাখার তিন নেতাকর্মীকে গ্রেফতারের ঘটনায় তীব্র প্রতিবাদ এবং অবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছেন সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
বিবৃতিতে বলা হয়, ছাত্র মজলিসের ঢাকা মহানগরী ও মানিকগঞ্জ জেলার গ্রেফতারকৃত নেতাকর্মীদের মুক্তির দাবিসংবলিত পোস্টার লাগানোর সময় গতকাল সন্ধ্যায় ধামরাই উপজেলার ইসলামপুর এলাকা থেকে পুলিশ তিনজন নেতাকর্মীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের মধ্যে ঢাকা জেলা শাখার সহকারী বায়তুলমাল সম্পাদক আবু রায়হান রয়েছেন। পরে ধামরাই থানা পুলিশ তাদের বিরুদ্ধে দণ্ডবিধির ৫৪ ধারায় মামলা দিয়ে আদালতে হাজির করে।
এ ঘটনায় বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ আবুল কাশেম এবং সেক্রেটারি জেনারেল আবদুল হাফিজ খসরু এক যৌথ বিবৃতিতে তীব্র প্রতিবাদ জানান। নেতৃবৃন্দ বলেন, সরকারের অন্যায় কাজের প্রতিবাদ করা রাজনৈতিক অধিকার এবং গ্রেফতারকৃত নেতাকর্মীদের মুক্তির দাবিতে শান্তিপূর্ণ কর্মসূচি পালন করার অধিকার সকলের রয়েছে। কিন্তু সরকার সেই অধিকারেও হস্তক্ষেপ করে ঢাকা জেলা শাখার নেতাকর্মীদের গ্রেফতার করেছে।
নেতৃবৃন্দ আরও বলেন, দেশব্যাপী ইসলামী ছাত্র মজলিসের নেতাকর্মীদের গ্রেফতার ও হয়রানি বন্ধ করে অবিলম্বে গ্রেফতারকৃত সকল নেতাকর্মীকে নিঃশর্ত মুক্তি দিতে হবে।