শহীদ শাহ আলমের রক্ত নাস্তিক-মুরতাদ বিরোধী আন্দোলনের প্রেরণার উৎস — কেন্দ্রীয় সভাপতি
বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে শহীদ শাহ আলম দিবস উপলক্ষে গত ২৪ ফেব্রুয়ারি ২০১৪ এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণ সভাপতি মুহাম্মদ সেলিম হোসাইনের সভাপতিত্বে এবং শাখা সেক্রেটারি ইলিয়াস আহমদের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের মুহতারাম কেন্দ্রীয় সভাপতি আবদুল হাফিজ খসরু।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ছাত্র মজলিসের পঞ্চম শহীদ হাফেজ শাহ আলমের প্রতিটি রক্তকণিকা নাস্তিক-মুরতাদবিরোধী আন্দোলনের প্রেরণার উৎস। তিনি বলেন, দেশ বর্তমানে এক সংকটময় সময় অতিক্রম করছে। দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা এবং ইসলামী হুকুমত প্রতিষ্ঠার লক্ষ্যে ছাত্র মজলিসের প্রতিটি কর্মীকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। তিনি আরও বলেন, শহীদ শাহ আলমের আত্মত্যাগ আপসহীন আদর্শিক সংগ্রামের অনুপ্রেরণা হয়ে থাকবে এবং বাতিলের বিরুদ্ধে আন্দোলনে অবিচল থাকার আহ্বান জানান।
আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের সাবেক কুমিল্লা জেলা সভাপতি মাওলানা আবদুল হক আমীনি এবং সাবেক মানিকগঞ্জ জেলা সভাপতি হাফেজ মাওলানা মাহমুদুল হাসান।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী দক্ষিণ শাখার বায়তুলমাল সম্পাদক মুহাম্মদ ওয়ালীউল ইসলাম, কদমতলী থানা সভাপতি নাজমুল হাসান ফাহিম, সূত্রাপুর থানা সভাপতি মুহাম্মদ আবদুল্লাহ, নয়াটোলা কামিল মাদ্রাসা সেক্রেটারি আফসার উদ্দিন হাওলাদার প্রমুখ।
অনুষ্ঠান শেষে শহীদ শাহ আলমের রুহের মাগফিরাত এবং দেশ, জাতি ও ইসলামী আন্দোলনের কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মুনাজাত অনুষ্ঠিত হয়।