বিবৃতি : ১১ মার্চ-২০২৪, ঢাকা
ইফতার পার্টির আয়োজনে বিধিনিষেধ দেওয়ার মাধ্যমে শাবি প্রশাসন চরম পন্থা’র আশ্রয় নিয়েছে -ছাত্র মজলিস
বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি বিলাল আহমদ চৌধুরী ও সেক্রেটারি জেনারেল মুহাম্মদ রায়হান আলী এক যৌথ বিবৃতিতে বলেন, মাহে রমজান হচ্ছে মুসলমানদের ইবাদাতের বসন্ত। এ মাসে মুসলিম সম্প্রদায় নানাভাবে মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের প্রচেষ্টা করে। এই প্রচেষ্টার অন্যতম হচ্ছে, অপর ভাইকে ইফতার করানো। আমাদের দেশে বর্তমানে ছোট ছোট পরিসরে ইফতার আয়োজন করে অনেকে। এই দৃশ্যের সবচেয়ে সুন্দর অবতারণ হয় আমাদের ক্যাম্পাস-গুলোতে। যেখানে শিক্ষার্থীরা পরিবার ছেড়ে ক্যাম্পাসে অবস্থান করে বলে রমজানে পরিবারের সাথে ইফতারের সুযোগ কম পায়। তাই তাঁরা (বন্ধুরা) মিলে একসাথে ইফতার করে একসাথে ক্যাম্পাসের বিভিন্ন জায়গায়। কিন্তু আজ দেশের অন্যতম উল্লেখযোগ্য বিদ্যাপীঠ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে, ক্যাম্পাসের অভ্যন্তরে ইফতার পার্টি না করার কথা বলা হয়েছে, যা সত্যিই হৃদয়বিদারক। ৯২ শতাংশ মুসলমানদের এই দেশে এমন সিদ্ধান্ত স্পষ্ট-ই ইসলাম ধর্ম এবং ইফতারের মতো পবিত্র বিষয়কে হেয় প্রতিপন্ন করেছে। কোনভাবেই এমন উগ্র সিদ্ধান্ত মেনে নেওয়া যায়না।
নেতৃবৃন্দ শাবি প্রশাসনকে এমন ধর্মবিরোধী সিদ্ধান্ত অনতিবিলম্বে বাতিলের এবং আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাওয়ার আহবান জানান। অন্যথায় শাবি প্রশাসনের বিরুদ্ধে দেশবাসী ও ছাত্র সমাজ তীব্র আন্দোলন গড়ে তুলবে বলে নেতৃবৃন্দ হুশিয়ার দেন।
বার্তা প্রেরক
জাকারিয়া হোসাইন জাকির
কেন্দ্রীয় প্রচার ও স্কুল কার্যক্রম সম্পাদক