কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদের প্রথম সাধারণ অধিবেশন অনুষ্ঠিত
নিষ্ঠা এবং আন্তরিকতার সাথে সমাজ বিপ্লব আন্দোলনের কাজকে
আরও গতিশীল করতে হবে -ছাত্র মজলিস সভাপতি
বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ আজীজুল হক বলেছেন বর্তমান সরকার দেশের সার্বভৌমত্বকে উপেক্ষা করে ভারতের স্বার্থে কয়লা বিদ্যুতের মতো একটি মারাত্মক প্রকল্প বাস্তবায়ন করতে যাচ্ছে। অপরদিকে এদেশের সিংহভাগ মানুষের ঈমান-আক্বিদার বিপরীত ধর্মহীন একটি শিক্ষাব্যবস্থা জাতির ঘাড়ে চাপিয়ে দেয়ার ষড়যন্ত্র চলছে। শিক্ষা প্রতিষ্ঠান ও ক্যাম্পাসগুলো আজ পরিণত হয়েছে একেকটি মিনি ক্যান্টনমেন্টে। সরকার দলীয় ক্যাডারদের হাতে জিম্মি সাধারণ ছাত্র সমাজ। তথ্যপ্রযুক্তির লাগামহীন অপব্যবহার অনৈতিকতার দিকে ধাবিত করছে তরুণ প্রজন্মকে। দেশ ও দেশের ভবিষ্যত কাণ্ডারী ছাত্র সমাজের এই ক্রান্তিলগ্নে ছাত্র মজলিসকে আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে। মেধা ও যোগ্যতার বিকাশ ঘটিয়ে নিষ্ঠা এবং আন্তরিকতার সাথে সমাজ বিপ্লব আন্দোলনের কাজকে আরও গতিশীল করতে হবে। আজ ৭ সেপ্টেম্বর’১৬ বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের ২০১৬-২০১৭ সেশনের কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদের প্রথম সাধারণ অধিবেশনের ২য় দিনের সমাপনী অধিবেশনে সভাপতির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। অধিবেশনে কর্মসূচির মধ্যে ছিল দারসে কুরআন, প্রস্তাব গ্রহণ, কেন্দ্রের বার্ষিক পরিকল্পনা গ্রহণ, পরিষদ সদস্য ভাইদের শ্রেণিবিন্যাস, জেলা শাখা সমূহের সভাপতি মনোনয়ন প্রভৃতি। ২দিন ব্যাপি অধিবেশনে অতিথিবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক মুহাম্মদ আবদুল জলিল, ড. মোস্তাফিজুর রহমান ফয়সল, প্রকৌশলী আবদুল হাফিজ খসরু, বিদায়ী কেন্দ্রীয় সভাপতি সোহাইল আহমদ, সাবেক সেক্রেটারি জেনারেল মুহাম্মদ সেলিম হোসাইন, সাবেক কেন্দ্রীয় বায়তুলমাল ও ছাত্রকল্যাণ সম্পাদক মাওলানা মুহাম্মদ আবুল হোসাইন। অধিবেশনে উপস্থিত ছিলেন সেক্রেটারি জেনারেল ইলিয়াস আহমদ, কেন্দ্রীয় প্রমিক্ষণ সম্পাদক খালেদ আহমদ, কেন্দ্রীয় অফিস ও বায়তুলমাল সম্পাদক মুহাম্মদ ফরিদ উদ্দিন, কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক মাহমুদুল হাসান কিবরিয়া, কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তর সভাপতি মনসুরুল আলম মনসুর, কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগরী সভাপতি মুহাম্মদ ইয়াসির আরাফাত, কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণ সেক্রেটারি মুহাম্মদ মনির হোসাইন।