স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে হবিগঞ্জ শহর ছাত্র মজলিসের উদ্যোগে স্কুল ছাত্রদের নিয়ে প্রতিযোগিতা, পুরষ্কার বিতরণী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত –
৫৩ বছরের বাংলাদেশে-ও স্বাধীনতা আকাঙ্ক্ষিত
————————জাকারিয়া হোসাইন জাকির
বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের কেন্দ্রীয় প্রচার ও স্কুল কার্যক্রম সম্পাদক জাকারিয়া হোসাইন জাকির বলেন, ৭১’র স্বাধীনতার অন্যতম অঙ্গীকার ছিল, দেশ স্বাধীন হলে আমরা পাবো সাম্য, মানবিক মূল্যবোধ ও সামাজিক ন্যায়বিচার। স্বাধীনতার ৫৩ বছর ইতিমধ্যে আমরা অতিক্রম করলাম কিন্তু অঙ্গীকার পূরণ হয়নি। বরং ৫৪ বছরের স্বাধীনতা দিবস উদযাপনের সময়-ও আমাদের নতুনভাবে ভাবতে হচ্ছে জনগণের মৌলিক অধিকারের কথা, নতুনভাবে চিন্তা-রেখা তৈরি করেছে দেশের শ্রেনী বৈষম্য ও শ্রেনী শোষণ। কথা ছিল দেশ স্বাধীন হলে দেশ হবে জনগণের, অথচ সময়ের পরিক্রমায় দেশ হয়েছে ক্ষমতাসীন শাসকদের।
তিনি আরও বলেন, আশ্চর্য বিষয় হচ্ছে দেশ স্বাধীন হওয়া সত্ত্বেও দেশের বৃহত্তর মুসলিম জনসমষ্টির স্বাধীনতার স্বপ্ন এখনো অস্পষ্ট। এখানে রমজানে ধর্ম পালনে বাধানিষেধ আসে, ক্যাম্পাসে হিজাব বোরকা পড়লে তাঁদের দিকে আড়চোখে তাকানো নয়, প্যাক্টিসিং মুসলিম-কে জঙ্গি বলে চিহ্নিত করার পায়তারা করা হয়, যা স্পষ্টত সামষ্টিক ও ব্যক্তি-স্বাধীনতাকে খর্ব করে। পাশাপাশি রয়েছে বন্ধু রাষ্ট্রের মাত্রাতিরিক্ত সুবিধাভোগী অভিলাষ। তিনি বলেন, উপরের স্বাধীনতা-কেন্দ্রীক টানাপোড়েন নিরসনে প্রয়োজন সামাজিক সচেতনতা। এছাড়াও তিনি প্রত্যাশা ব্যক্ত করে বলেন আজকের স্কুল ছাত্ররা-ই আগামী দেশ গড়ার নেতৃত্ব দিবে। তাঁদের মাঝে স্বাধীনতার প্রকৃত মর্মার্থ অনুধাবন করানো গেলেই আগামীর বাংলাদেশ হবে কেবলই আমাদের।
গত ১৭ রমজান (২৭ শে মার্চ-২০২৪) বুধবার বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস হবিগঞ্জ জেলা শাখার অধিভুক্ত হবিগঞ্জ শহর শাখার উদ্যোগে আয়োজিত স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত প্রতিযোগিতা, পুরষ্কার বিতরণী ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য দিতে গিয়ে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
হবিগঞ্জ শহর সভাপতি মাহমূদুর রশীদ ফাইয়াজ এর সভাপতিত্বে ও সেক্রেটারি হুসাইন আহমদ এর সঞ্চালনায় অনুষ্ঠিত প্রতিযোগিতা ও ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা সভাপতি মুহাম্মদ শাহাবুদ্দিন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা সভাপতি শেখ হোসাইন আহমেদ, সাবেক হবিগঞ্জ জেলা সভাপতি সাইফুল ইসলাম, জেলা সেক্রেটারি সাইফুল সুরুজ, সাবেক বায়তুলমাল সম্পাদক আজিজুর রহমান, সাবেক সিলেট পশ্চিম জেলার বায়তুলমাল সম্পাদক মুফতি আমিনুল হক।
অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন যুব মজলিস হবিগঞ্জ জেলার শাখার সমাজ কল্যাণ সম্পাদক মাও রিয়াদ আল আসাদ, বানিয়াচং উপজেলা শাখার সভাপতি মুজাহিদ আহমদ, সাবেক সভাপতি হাফেজ কারী ফয়েজ আহমেদ, নাহিদ আহমদ, সাজিম আহমদ, প্রমুখ।